পদ্মায় ৩৪ কেজি ওজনের বাঘাইড়!
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকায় পদ্মায় নৌকা নিয়ে মাঝনদীতে জাল ফেলে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছিলেন জেলে কালাম শিকদার ও তার সঙ্গীরা।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ তাদের জালে ধরা পড়ে ৩৪ কেজি ৩০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি বাঘাইড় মাছ। পরে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি নিয়ে এলে তা এক নজর দেখতে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। এ সময় স্থানীয় মাছের আড়তদার শামসু শেখ ওই জেলের কাছ থেকে মাছটি ২৭ হাজার ৫০০ টাকায় তিনি কিনে নেন।
আড়তদার শামসু শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, “বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাঘাইড় মাছটি আমি ঢাকায় পাঠিয়েছি।”

