ময়মনসিংহে এক নারীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ সংবাদদাতা:
জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহ সদরে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

ভাবখালী ইউনিয়নের নয়নপুর গ্রামে শুক্রবার গভীর রাতে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত আনোয়ারা খাতুন (৫০) ওই গ্রামের ইয়াসীন আলীর স্ত্রী। এ ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে।

আনোয়ারার স্বামী ইয়াসীন আলীর সঙ্গে স্থানীয় ওমর আলী গংয়ের জমি নিয়ে বিরোধ চলছিল বলে এলাকাবাসী জানান।

এলাকাবাসীর বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি কামারুল ইসলাম জানান, শুক্রবার রাতে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ওমর আলী, সাত্তার ও আবুলসহ একদল লোক দেশি অস্ত্র নিয়ে আনোয়ারা ও তার স্বামী ইয়াসীন আলীর উপর হামলা করে।

তিনি বলেন, ‘ওই সময় দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে আনোয়ারাকে হত্যা করে হামলাকারীরা।’

লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেহেনা খাতুন নামে এক মহিলাকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

  •  
  •  
  •  
  •