কিউবায় শুরু হচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮’

বিনোদন ডেস্ক:
‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজিকে মনে করা হচ্ছে হলিউডের ইতিহাসে সবচেয়ে বিশাল ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। কারণ, এখান থেকে ৭টি সিনেমা ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে, এবং সবগুলোই হয়েছে সুপার হিট! বিশেষ করে এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি ‘ফিউরিয়াস ৭’ তো হলিউডের বক্স অফিসে ইতিহাস তৈরি করে দিয়েছে। আর তাই এবার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি নিয়েও শুরু হয়েছে তোড়জোর!

এরইমধ্যে জানা গেছে, লাতিন আমেরিকার দেশ কিউবায় ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’-এর শুটিং করার জন্য লোকেশন পছন্দ করেছেন নির্মাতা গ্যারি গ্রে। সম্প্রতি বিভিন্ন জায়গা ঘুরে ‘ফিউরিয়াস ৮’-এর জন্য প্রথম পছন্দ বলে মনে করেন তিনি। আর তাই ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮’ ছবির শ্যুটিং শিগগিরই কিউবায় শুরু করে দেয়ার ঘোষণাও দিয়েছে ছবির ডিস্ট্রিবিউটর ‘ইউনিভার্সাল পিকচার্স’।

সবকিছু ঠিকঠাক থাকলে কিউবাতেই সেট নির্মাণ করবে ফিউরিয়াস টিম। তবে তার আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও কিউবা সরকারের কাছে ছবির শুটিংয়ের জন্য আবেদন জানিয়েছে ফিউরিয়াস কর্তৃপক্ষ। তাদের অনুমতি পেলেই সেখানে শুরু হবে ছবির শুটিং।

fast-and-furious 8

কিউবায় ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’-এর শুটিং লোকেশনে ফিউরিয়াস টিম

ছবিটিতে আগেরগুলোর মত কেন্দ্রীয় চরিত্রে পল ওয়াকার থাকার কথা থাকলেও ‘ফিউরিয়াস ৭’ মুক্তির আগেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। যদিও গুঞ্জন শোনা যাচ্ছে, পল ওয়াকারের মত করেই কম্পিউটারাইজ করে একজনকে হাজির করাতে পারেন নির্মাতা। তবে বিষয়টি কতটা সঠিক সে সম্পর্কে নির্মাতাসূত্রে কোনো কিছু জানা যায়নি। তবে আগেরগুলোর মতো এই ছবিতেও অভিনয় করছেন ভিন ডিজেল, এবং ডেন জনসন। আসছে বছরের এপ্রিলে ছবিটি মুক্তি পেতে পারে।

  •  
  •  
  •  
  •  

Tags: