সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় আবারও মেসি
নিউজ ডেস্কঃ
ফোর্বস সাময়িকীর করা এ বছরেরও সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে শীর্ষে আছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য সাময়িকীটির প্রকাশিত তালিকায় ২০২০ সালে আয়ের হিসেবে ১২ কোটি ৬০ লাখ ডলার নিয়ে সবার ওপরে আছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড মেসি।
১১ কোটি ৭০ লাখ ডলার নিয়ে তারপরেই আছেন জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। তিন নম্বরে থাকা পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের আয় ৯ কোটি ৬০ লাখ ডলার। ২০১৯ সালেও সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় এই তিন জন ছিলেন একই ক্রমে।
এক লাফে তিন ধাপ এগিয়ে চারে উঠেছেন কিলিয়ান এমবাপে। পিএসজির ফরাসি ফরোয়ার্ডের আয় ৪ কোটি ২০ লাখ ডলার। সেরা দশে লা লিগা ও প্রিমিয়ার লিগ থেকে আছেন তিন জন করে খেলোয়াড়। লিগ ওয়ানের দুই জন, বুন্দেশলিগা ও সেরি আ থেকে আছেন একজন করে।

