গোল্ডেন মনিরসহ তিনজনের ব্যাংক হিসাব জব্দের আদেশ
নিউজ ডেস্কঃ গতবছর ২০ নভেম্বর ঢাকার মেরুল বাড্ডা থেকে বিপুল অর্থ, অস্ত্র-মাদক ও সোনাসহ গ্রেপ্তার করা হয় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরসহ তিনজনকে। তাদের ১৭০টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ মঙ্গলবার বাড্ডা থানায় দায়ের করা মুদ্রা পাচার প্রতিরোধ আইনের মামলায় এই আদেশ দেন।
ব্যাংক হিসাব জব্দ হওয়া অপর দুজন হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম ওরফে শফিক।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলী ওই তিনজনের ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।
গত ১১ মে বিকেলে সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বাদী হয়ে মনিরের স্ত্রী রওশন আক্তার ও ছেলে রাফি হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
মুদ্রা পাচার প্রতিরোধ আইনে বাড্ডা থানার এ মামলায় গত ১৯ মে মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের পাঠায় আদালত।

