বাকৃবি শিক্ষার্থীরা টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারছেন না কেন, প্রশাসন কি বলছে?

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত হলো, আবাসিক হলে থাকা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার পর শ্রেণিকক্ষে ক্লাস শুরু করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গত ৩১ মে পর্যন্ত মোট এক লাখের বেশি আবাসিক শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) দেওয়া হয়েছে। করোনার টিকার নিবন্ধনসংক্রান্ত কাজসহ স্বাস্থ্যের তথ্যসংক্রান্ত বিষয়ে জড়িত এমআইএস।

জানা গেছে, সবচেয়ে বেশি তালিকা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ২৫ হাজার ২৫৪ শিক্ষার্থীর তালিকা দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ হাজার ১৩০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ১ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ হাজার ৬৩০ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১ হাজার ৯৮৭ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৫০০ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৬৬৯ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৫৫৩ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৯০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৪৫ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ২১৪ জন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৬৫৩ জন শিক্ষার্থী রয়েছে। বাকিরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের।

এদিকে গত ১৯ জুন থেকে ৫ লাখ মানুষকে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। এই টিকা দেওয়ার অগ্রাধিকার তালিকায় অন্যান্যের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরাও রয়েছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য নিবন্ধন করতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

এক বিজ্ঞপ্তিতে ইউজিসি জানিয়েছে, করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে যেসব আবাসিক শিক্ষার্থীর তালিকা (সঠিক এনআইডি নম্বরসহ) বিশ্ববিদ্যালয় হতে MIS DGHS এ পাঠানো হয়েছিল সেসব শিক্ষার্থী সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের টিকাদান শেষ হলেই সরকার উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবে বলে আশা করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ঘোষণার দু’দিনের মধ্যে ইউজিসি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের নিবন্ধন শুরু করতে বললো।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে করোনাভাইরাসের ভ্যাকসিনের আওতায় আনার জন্য ইতিমধ্যে তথ্য সংগ্রহ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২০ মে পর্যন্ত একটি অনলাইন ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যমতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে ৪ হাজার ৫০০ জন আবাসিক শিক্ষার্থীর তালিকা জমা দেওয়া হয়েছে। কিন্তু ইউজিসির নির্দেশনা অনুযায়ী বাকৃবি শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারছেন না। নিবন্ধন করতে গেলে “দুঃখিত, এই মুহূর্তে আপনি ভ্যাক্সিনের জন্য নির্বাচিত নন” এ ধরণের লেখা দেখতে পাচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারলেও বাকৃবি শিক্ষার্থীরা কেন রেজিস্ট্রেশন করতে পারছেন না এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। ঠিক কি কারণে এ ধরণের সমস্যা হচ্ছে সে ব্যাপারেও তারা নিশ্চিত নন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকেও এ বিষয়ে কোন সমাধান শিক্ষার্থীদের জানানো হয় নি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে সবুজ বাংলাদেশ 24 ডট কমের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়। বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, টেকনিক্যাল ত্রুটির কারণে সাময়িকভাবে শিক্ষার্থীরা এ সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চীফ মেডিকেল অফিসার এবং ঢাকাস্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। যতদ্রুত সম্ভব সমস্যাটি সমাধান করা হবে। শিক্ষার্থীদের এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বানও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: ,