দশজনের দল নিয়ে জিতল ব্রাজিল

ক্রীড়া ডেস্কঃ গ্যাব্রিয়েল জেসাস লাল কার্ড দেখে ম্যাচ থেকে বের হয়ে যান ৪৮ মিনিটে। এর আগে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬ মিনিটে লিড নেয় ব্রাজিল। পরে আর গোলের দেখা না পেলেও ১০ জন নিয়ে চিলিকে হারিয়ে ঠিকই ঘরের মাঠে কোপা আমেরিকার সেমিফাইনালে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিটের শিষ্যরা।

সেলেসাওদের হাসি ফোটানো গোলটি লুকাস পাকুয়েতার থেকে এসেছে। রাতের ম্যাচে প্রথম কোয়ার্টারে জেতা পেরুর বিপক্ষে সেমিতে লড়বে ব্রাজিল। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে প্যারাগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেরা চারে গেছে পেরু।

ম্যাচের শুরুতে রিচার্লিশনের সুযোগ হাতছাড়ার খানিক পর একই পথে হাঁটেন ফিরমিনো। তার কিছুপর চিলির ভারগাসের শট স্বাগতিক গোলরক্ষক এডেরসনের গ্লাভসে আটকে যায়।

প্রথম আধাঘণ্টার পর ব্রাজিল তিনটি আক্রমণ করতে সক্ষম হয়। চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভো ঠেকিয়ে দেন দুটি, একটি লক্ষ্যে থাকেনি।

মধ্যবিরতির পরপরই কাঙ্ক্ষিত সেই লক্ষ্য খুঁজে পায় ব্রাজিল। ম্যাচের ৪৬ মিনিটে গোল এনে দেন লুকাস পাকুয়েতা।

তার তিন মিনিট পর ধাক্কা খায় ব্রাজিল। জেসাস অনেকটা লাফিয়ে উঠে বল ক্লিয়ার করতে গেলে বুট দিয়ে চিলির মিনার মুখে আঘাত করে বসেন। তাকে সরাসরি লাল কার্ডে মাঠের বাইরে পাঠান রেফারি।

ম্যাচের ৬৩ মিনিটে চিলির সমতার উল্লাস মিইয়ে যায় অফসাইড দুর্ভাগ্যে। ৬৮ মিনিটে নেইমারের প্রচেষ্টায় দেয়াল হন গোলরক্ষক ব্রাভো। ৭০ মিনিটে চিলিয়ান মিনার হেডে উড়ে যাওয়া বল ব্রাজিল গোলরক্ষক এডেরসনের গ্লাভস ছুঁয়ে পোস্টে ধাক্কা দিয়ে স্বাগতিকদের বাঁচিয়ে ফেরে।

বাকি সময়ে দুপক্ষই দুটি ভালো আক্রমণ শানিয়েছে। দুটিই দুই গোলরক্ষকের গ্লাভসে আটকে যায়। তাতে জয়ও আটকে যায় ব্রাজিলের ঝুলতেই।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,