নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়টির কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাককানইবি‘র উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে। বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ প্রফেসর মো. জালাল উদ্দিন এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
জাককানইব‘র শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের বিদেশে উচ্চশিক্ষায় সহযোগিতা করতে এবং এ বিষয়ে খুঁটিনাটি জানাতে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ সহিদুজ্জামান এবং জাককানইবি’র সহকারি প্রফেসর ড. মোঃ নুরুজ্জামান খান।

ড. মোঃ সহিদুজ্জামান বিদেশে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ড. মোঃ নুরুজ্জামান খান আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে প্রবন্ধ প্রকাশনার নানা দিক তুলে ধরেন।
উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে তার বক্তব্যে বলেন, বিদেশে উচ্চশিক্ষার এই কর্মশালাটি শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় অনন্য ভূমিকা রাখবে। এসময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্যে ফেলোশিপ পেতে সহায়তা করবেন বলেও জানিয়েছেন। শিক্ষকদের জন্য এই গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজনের প্রশংসা করেন।
জাককানইবি‘র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মো. তুহিনুর রহমান এর সঞ্চালনায় এবং সভাপতি প্রফেসর ড. মো. সুজন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

