চবির মূল ফটকে ছাত্রলীগের তালা

নিউজ ডেস্ক:

পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে এবার অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশ।এসময় তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। চলাচল করেনি শাটল ট্রেন-বাস। স্থগিত করা হয়েছে বিভিন্ন অনুষদের ক্লাস-পরীক্ষা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরসহ বিভিন্ন দপ্তরে তালা দিয়ে অবরোধ শুরু করেন তারা।

অবরোধে অংশ নেওয়া শাখা ছাত্রলীগের বগিভিত্তিক ছয়টি উপগ্রুপ হলো- ভার্সিটি এক্সপ্রেস, বাংলার মুখ, রেড সিগনাল, কনকর্ড, এপিটাফ ও উল্কা।

অবরোধকারীরা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ষোলোশহর রেলওয়ে স্টেশনে আটকে দিয়েছে। ষোলশহর স্টেশন মাস্টার অভি সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া অবরোধের কারণে বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশে কোনও শিক্ষক বাস ছেড়ে যায়নি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকার ফটকেও তালা দিয়েছে আন্দোলনকারীরা।

  •  
  •  
  •  
  •