বাকৃবিতে শিক্ষকদের টার্নিটিন সফটওয়্যার ব্যবহারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি
গবেষণায় মৌলিকত্ব, একাডেমিক সততা ও নৈতিকতা নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের জন্য ‘Effective Use of Turnitin Software for Academic Integrity and Research Ethics’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৫৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ এবং কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, “বিজ্ঞানের আধুনিক সুবিধা কাজে লাগিয়ে আমরা আমাদের সামগ্রিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে চাই। গবেষণার উৎকর্ষ সাধনে টার্নিটিন সফটওয়্যারের যথাযথ ব্যবহার একটি চমৎকার উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই সফটওয়্যারের ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণার মান আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন বলে আমি আশাবাদী।”
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষকদের টার্নিটিন সফটওয়্যারের কার্যকর ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া, গবেষণায় মৌলিকত্ব ও একাডেমিক সততা নিশ্চিত করা এবং গবেষণার নৈতিকতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এর মাধ্যমে গবেষণাপত্র, একাডেমিক প্রকাশনা ও অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট কাজে প্লেজিয়ারিজম শনাক্তকরণ এবং গবেষণার মানোন্নয়নে সফটওয়্যারটির যথাযথ ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পান অংশগ্রহণকারী শিক্ষকরা।



