বাকৃবি কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কেবি কলেজ) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজনে ‘নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল আলীম এবং কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মৌসুমী দাশগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক বি. এম. আব্দুল্লাহ রনি। এ সময় বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির সদস্য ও বাকৃবির অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের নিজস্ব ঐতিহ্য, অতীতের সুনাম এবং সর্বশেষ এইচএসসি পরীক্ষায় অর্জিত সাফল্য সত্যিই প্রশংসনীয়। কলেজের গভর্নিং বডি, অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। আমি সংশ্লিষ্ট সবার ভূয়সী প্রশংসা করছি।’
তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ শিক্ষা বোর্ডসহ সারাদেশে কলেজটির ধারাবাহিক সাফল্যের যে ধারা রয়েছে, তা ধরে রাখতে হবে। এ জন্য গভর্নিং বডি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এইচএসসি পর্যায়ের শিক্ষাজীবন ভবিষ্যৎ গঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তাই তোমাদের সময়ানুবর্তিতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। আমি নবীন শিক্ষার্থীসহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সার্বিক সাফল্য কামনা করছি।’
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান প্রধান বলেন, ‘জীবনে সফল হতে হলে এখন থেকেই অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যয়নের অভ্যাস গড়ে তুলতে হবে। তোমাদের প্রত্যেকের মধ্যে সুপ্ত সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’
***************
আরাফাত হোসাইন/ এসবি







