নাটকে নয় বাস্তবে চেয়ারম্যান পদে লড়ছেন সোহেল খান
বিনোদন ডেস্ক:
‘কত্তো কথা বলে রে’ মনে আছে বাংলা লিংকের সেই বিজ্ঞাপনের কথা। এই বিজ্ঞাপনের মাধ্যমেই শোবিজে জগতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন সোহেল খান। ওই বিজ্ঞাপন চিত্রে তার চরিত্রের নাম ছিলো সোহেল ভাই। ভাবছেন এসব কথা কেন বলছি! কারণ হচ্ছে, সেই সোহেল খান এবার চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়বেন।
জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ এলাকা ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন থেকে আওয়ামীলীগের প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে লড়বেন তিনি। ইতোমধ্যে জনসংযোগও শুরু করে দিয়েছেন এই অভিনেতা।
সোহেল খান জানিয়েছেন, ‘এলাকাবাসীর সেবা করার ইচ্ছে আমার অনেক দিনের। গত বছর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে চেয়েছি, কিন্তু নির্বাচন হয়নি। তখন থেকেই জনসংযোগ চালিয়ে যাচ্ছি। এলাকার অনেকেই আমাকে সমর্থন দিচ্ছে’।
সোহেল খান আরো বলেন, অভিনয়ের পাশাপাশি এবার প্রাথী হিসেবে চৌহাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়াবো। চৌহাটবাসী যদি আমাকে যোগ্য মনে করে ভোট দিয়ে নির্বাচিত করে, তবে এলাকায় উন্নয়নে কাজ করব। রাস্তা-ঘাটের উন্নয়নসহ অসহায় মানুষের পাশে থাকতে চাই।
উল্লেখ্য, অভিনেতা সোহেল খান প্রায় এক যুগ আগে মোবাইল সিম কোম্পানি বাংলালিংকের বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয় দক্ষতা দিয়ে অতি দ্রুত রূপালি জগতে নিজের আসনটি পাকাপোক্ত করেন।

