শ্রীলঙ্কার সামনে ইনিংস হারের লজ্জা

খেলাধুলা ডেস্ক:
সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারায় ইংলিশরা। দ্বিতীয় টেস্টেও ইনিংস পরাজর এড়াতে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে লঙ্কানরা। এর আগে তৃতীয় দিনের প্রথম সেশনেই ফলোঅনে পড়ে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।

দ্বিতীয় দিন মঈন আলীর দুর্দান্ত সেঞ্চুরিতে নয় উইকেট হারিয়ে ৪৯৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০১ রান করে অল আউট হয় লঙ্কানরা।

ফলোঅনে পড়া সফরকারীরা ৩৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত ২০ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ এক উইকেটে ৫৮ রান। ইনিংস হার এড়াতে তাদের প্রয়োজন আরও ৩৪০ রান!

চেস্টার-লি-স্ট্রিটে নিজেদের প্রথম ইনিংসে ইংলিশ পেসারদের দাপটে কেউই দাঁড়াতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন কুশাল পেরেরা। লাহিরু থিরিমান্নে ১৯, কুশল সিলভা ১৩ আর হেরাথ ১২ রান করেন। আর কোনও ব্যাটসম্যানই নিজেদের রান সংখ্যা দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি।

ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড চারটি আর জেমস অ্যান্ডারসন এবং ক্রিস ওকস তিনটি করে উইকেট পান।

এর আগে নিজেদের প্রথম মঈন আলীর ১৫৫, অ্যালেক্স হেলসের ৮৩ ও জো রুটের ৮০ রানের ওপর ভর করে নয় উইকেটে ৪৯৮ রান করে নিজেদের ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।

লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান নুয়ান প্রদীপ। দু’টি করে উইকেট পান লাকমল ও মিলিন্দা সিরিবর্ধনে। এছাড়া একটি উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ৩০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন রঙ্গনা হেরাথ।

  •  
  •  
  •  
  •  

Tags: