ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের নিয়োগ ভাইভা পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের প্রিন্সিপাল, ভাইস- প্রিন্সিপাল, ভেটেরিনারি সার্জন, ১২ টি পদের লেকচারার ও বৈজ্ঞানিক কর্মকর্তা পদের নিয়োগের ভাইভা পরীক্ষা আগামী ৬ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি রাজিক-আল-জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি গ্রহণ করে ১৬ জুন ২০১৬ ইং রোজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের (০১) একজন এবং ভেটেরিনারি অনুষদের (০২) দুইজন গ্রাজুয়েট গত ১৩ জুন ২০১৬ ইং হাইকোর্টে রিট আবেদন করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অপূর্ব কুমার বিশ্বাস, অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: মোখলেছুর রহমান।

মামলার বিবরণ হতে জানা যায়, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) কোর্স কারিকুলামে উল্লেখযোগ্য অংশ পশুপালন সম্পর্কিত কোর্স বা বিষয় বিদ্যমান আছে, ফলে বর্তমানে বাংলাদেশে অন্যান্য আটটি ভেটেরিনারি সম্পর্কিত শিক্ষা প্রতিষ্ঠানে লেকচারার হতে শুরু করে অধ্যাপক, ভেটেরিনারি ফ্যাকাল্টির ডিন এবং বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে পশুপালন গ্রাজুয়েটগণ অধিষ্ঠিত আছেন।

আরো জানা যায়, উক্ত কলেজের ভেটেরিনারি সার্জন, লেকচারার শরীরস্থানবিদ্যা, কোষবিদ্যা, শারীরবিদ্যা, প্রাণরসায়ন, ফার্মাকোলজি, অনুজীববিদ্যা, মেডিসিন, সার্জরি, প্যাথলজি, পরজীবীবিদ্যা, বৈজ্ঞানিক কর্মকর্তা পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল ০৫ বছর মেয়াদী প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ তে ডিভিএম ডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের সনদ। কিন্তু বর্তমানে বাংলাদেশে অন্যান্য সকল ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠানে বিসিএস (লাইভস্টক) ক্যাডার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তিতে কোথাও ০৫ বছর উল্লেখ করা হয় না।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে পূর্বে ৪.৫ বছর মেয়াদী ডিভিএম ডিগ্রি প্রদান করা হতো যেখানে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের অনুমোদিত কোর্স কারিকুলাম অনুসরণ করা হতো এবং ভেটেরিনারি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতেন। বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের আইন অনুসারে রেজিস্ট্রেশন প্রাপ্তির পর একজন ডিভিএম গ্রাজুয়েট এ সংক্রান্ত নিয়োগের জন্য উপযোগী হবেন।

ফলে উক্ত পদসমূহে যোগ্যতাসম্পন্ন গ্রাজুয়েটদেরকে বঞ্চিত করা হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ০৫ বছর উল্লেখ থাকলেও অবৈধভাবে ৪.৫ বছর মেয়াদী গ্রাজুয়েটদেরকে তাদের আবেদনের বিপরীতে কার্ড ইস্যু করে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে।

এমতাবস্থায় উক্ত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে কেন পশুপালন গ্রাজুয়েট, প্রিন্সিপাল, ভাইস- প্রিন্সিপাল পদে এবং ভেটেরিনারি সার্জন, লেকচারার, বৈঞ্জানিক কর্মকর্তা পদে ৪.৫ বছর মেয়াদী ডিভিএম গ্রাজুয়েট আবেদন করতে পারবেনা তা মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের সচিব, প্রানিসম্পদ অধিদপ্তরের ডিজি, বাংলাদেশ কর্মকমিশনের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), পরিচালক এবং ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের প্রিন্সিপাল কাম প্রকল্প পরিচালক সহ ৭ জনের কাছে জানতে চেয়ে, এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

  •  
  •  
  •  
  •