চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৭৩ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৮তম সিনেট সভায় ২০১৬-১৭ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শনিবার সকাল ১১টায় সিনেট সভা অনুষ্ঠিত হয়। বাজেটে মোট ২৭৩ কোটি ৮০ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

প্রতিবারের মত এবারও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতায় সর্বোচ্চ ১৮৫ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বাজেটে গত বছরের তুলনায় এবার শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। যেখানে গত বাজেটে বরাদ্দ ছিল মাত্র ১০ লাখ টাকা । সেখানে এ বছর বাজেটে বরাদ্দ বাড়িয়ে ৬০ লাখ টাকা করা হয়েছে।

বাজেটে বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ২৫৭ কোটি ১০ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে বরাদ্দ নেওয়া হয়েছে ১৬ কোটি ৭০ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতে ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি ৩০ লাখ টাকা। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন ভাতার ব্যয় ৫২ কোটি টাকা, শিক্ষা ও আনুষঙ্গিক খাতে ব্যয় ১৪ কোটি ৮০ লাখ টাকা, সরবরাহ ও সেবা (সাধারণ) খাতে ব্যয় ১৬ কোটি ৭৬ লাখ টাকা, মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসন খাতে ব্যয় ২ কোটি ২৪ লাখ টাকা আর মূলধন মঞ্জুরি (সম্পদ সংগ্রহ ও ক্রয়) খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা।

বাজেট অনুমোদন সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দিন থান বাদল, মহিলা আসন ৩১ এর সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, ডিন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সিকান্দার চৌধুরী, সিনেট শিক্ষক প্রতিনিধি ও শাহ জালাল হলের প্রভোস্ট অধ্যাপক সুলতান আহমদ, প্রফেসর সিরাজ উদ দৌল্লাহসহ সিনেটরবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •