গাইবান্ধায় রাস্তায় ধান ফেলে কৃষকের বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়িতে খাদ্য গুদাম কর্তৃপক্ষ ধান কেনা বন্ধ করে দেয়ায় ক্ষুদ্ধ কৃষক রাস্তায় ধান ফেলে বিক্ষোভ করেছেন। সরকার নির্ধারিত দামে ধান ক্রয় কার্যক্রম ৩১ আগস্ট পর্যন্ত চলার কথা, কিন্তু পলাশবাড়ি খাদ্য গুদাম কর্তৃপক্ষ হঠাৎ করে ধান কেনা বন্ধ ঘোষণা করে।
জেলার সাতটি উপজেলা ফুলছড়ি, সাঘাটা, সাদুল্লাপুর, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ, গোন্দিগঞ্জ ও সদর উপজেলার খাদ্য গুদামগুলো ১১ মে থেকে পর্যায়ক্রমে কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু করে।
কিন্তু হঠাৎ করেই কোন কারণ ছাড়া গত ৪ জুলাই পলাশবাড়ি খাদ্য গুদাম ধান কেনা বন্ধ করে দেয়। তালিকায় নাম ও বরাদ্দ থাকার পরও কৃষক তাদের উৎপাদিত ধান গুদামে বিক্রি করতে পারছেন না।
বাধ্য হয়ে মধ্যস্বত্ত্বভোগীদের কাছে কম দামে ধান বিক্রি করছেন তারা। ক্ষুদ্ধ কৃষক সম্প্রতি পলাশবাড়ি-গাইবান্ধা সড়কে ধান ফেলে বিক্ষোভ সমাবেশ করেছেন।
কৃষক জানান, প্রতি মণ ধান উৎপাদন করতে সাতশ’ টাকা খরচ হয়। সেই ধান তারা বাজারে বিক্রি করছেন সাড়ে পাঁচশ’ টাকায়।
খাদ্য গুদাম কর্তৃপক্ষের বিরুদ্ধে কৃষকদের হয়রানি ও অনিয়মেরও অভিযোগ করেন কৃষক।

