স্ট্রবেরি চাষে স্বামী-স্ত্রীর দিন বদল (ভিডিও)
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে স্ট্রবেরি চাষে ভাগ্য বদলে যাচ্ছে সিরাজগঞ্জ সদর উপজেলা চন্দ্রকোনা গ্রামের হাসান আলী ও তার স্ত্রী রওশন আরার। গত বছরের সফলতার কারণে এবছর তাদের চাষের পরিধি বেড়েছে। বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেছেন তিনি। মাত্র ৩ মাসের ব্যবসায় হাসান আলী দম্পতি এখন লাখপতি।
অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ রসালো ফল হওয়ায় সিরাজগঞ্জে স্ট্রবেরি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। স্ট্রবেরির চাহিদা বাড়ছে ব্যাপক হারে। ব্যাংক ঋণ কিংবা সরকারীভাবে আর্থিক সহায়তা পেলে স্ট্রবেরির আবাদ আরো দ্বিগুণ করার স্বপ্ন এই চাষি পরিবারের।
চাষি হাসান আলী বলেন, ‘বগুড়া শেরপুরের এক খামার থেকে স্ট্রবেরি চারা নিয়ে আসি। গত বছর বাড়ির পাশে ৫০ শতক জমিতে স্ট্রবেরি চাষ করি। এর দেড় মাস পর থেকে গাছে ফল আসতে শুরু করে। ফল আসা পর্যন্ত তার খরচ হয়েছিলো ৫০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে তার লাভ হয়েছিলো ২ লাখ টাকা।’
গত বছরের সফলতার কারণে এবছর তিনি ৪ লাখ টাকার বিনিময়ে ৪ বিঘা জমি বন্ধক নিয়েছেন। ৪ বিঘা জমিতে এবার তিনি স্ট্রবেরি চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে ২ লাখ ১০ হাজার টাকা। স্বামী-স্ত্রীর পরিচর্যায় বাম্পার ফলনও হয়েছে।
তবে হরতাল অবরোধের কারণে গত বছরের তুলনায় এ বছর দাম একটু কম। ২০১৪ সালে তিনি ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে স্টবেরি বিক্রি করেছেন। এ বছর ৩০০ টাকা কেজি দরে স্ট্রবেরি বিক্রি করছেন। হাসান আলী ও তার স্ত্রীর স্ট্রবেরি চাষের সাফল্য দেখে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ও উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়াতে বাণিজ্যিক ভাবে স্ট্রবেরি চাষ শুরু হয়েছে।
হাসান আলী জানান, আমাদের দেশে রাবে ত্রি ও আমেরিকা এই দুই জাতের স্ট্রবেরি পাওয়া যায়। তার মধ্যে রাবে ত্রি জাতেরটিই বেশি সুস্বাদু। উচিঁঙ্গা পোকা ও পিঁপড়া গাছের কিছুটা সমস্যা করে। এছাড়া স্ট্রবেরি চাষে তেমন কোন সমস্যা নেই বলে জানান তিনি।
সিরাজগঞ্জের কৃষি কর্মকর্তা আরশেদ আলী জানান, সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকার মালঞ্চ গ্রামে ও উল্লাপাড়ার একটি গ্রামেও পরীক্ষামূলক স্ট্রবেরি চাষ করা হয়েছে। তাতে ফলন ও লাভ দুটোই ভাল হচ্ছে। তার মতে, স্ট্রবেরি সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা এখনও গড়ে উঠেনি। ফলে চাষিদের একটু সমস্যায় পড়তে হচ্ছে। সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলে বেশি বেশি স্ট্রবেরি চাষ করে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলা এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।
স্ট্রবেরি চাষের বিস্তারিত দেখুন ভিডিওতে….

