একজন সফল বেদানা চাষি নওগাঁর শফিকুল (ভিডিও)

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলায় প্রথম বাণিজ্যিকভাবে বেদানা চাষ করে সফলতা লাভ করেছেন রানীনগর উপজেলার শিয়ালা গ্রামের এ কে এম শফিকুল ইসলাম রবু (৪৫)। এরই মধ্যে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

একডালা ইউনিয়নের শিয়ালা গ্রামের মৃত সায়েদার রহমানের তৃতীয় ছেলে শফিকুল ইসলাম রবু। ২০১৩ সালে তিনি তার বড় ভাই প্রকৌশলী সাইফুল ইসলামের পরামর্শে পৈতৃক মাত্র দুই বিঘা জমিতে মাটি ভরাট করে বিভিন্ন ফলের মিশ্র বাগান তৈরি করেন। বর্তমানে তার বাগানে বেদানার গাছ রয়েছে ১৬০টি, আম গাছ ৪৮টি, লেবু গাছ ১৬৪টি ও পেয়ারা গাছ ১৪৮টি। প্রথমে তিনি বগুড়া থেকে ভালো মানের বেদানা চারা সংগ্রহ করেন। বর্তমানে তার বাগানে গাছের ডালে ডালে লাল রঙের রসালো বেদানা শোভা পাচ্ছে। লেবু গাছে লেবু আর পেয়ারা গাছে পেয়ারা ঝুলছে। এই মৌসুমে তিনি আম ও পেয়ারা বিক্রি করে লাভের মুখ দেখেছেন। বাগানের বেদানাগুলোকে বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শক্রমে তিনি বেদানাগুলোকে পিপি পলিথিন ব্যাগে ভরে রেখেছেন। তার বাগানে কর্মসংস্থান হয়েছে ৫ জন বেকার যুবকের।

শফিকুল ইসলাম বলেন, বড় ভাইয়ের পরামর্শক্রমে ও নিজ উদ্যোগে তিনি এই মিশ্র ফল বাগান গড়ে তুলেছেন। বেকারত্ব যে অভিশাপ নয় তিনি তা প্রমাণ করেছেন। দেশের বেকার যুবকরা তাকে অনুসরণ করতে পারবে। তবে তিনি জানান, পৃষ্ঠপোষকতার অভাবে বাগান সম্প্রসারিত করতে পারছেন না। সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পান তাহলে তিনি এই মিশ্র ফল বাগানকে আরও সম্প্রসারিত করতে পারবেন।

রানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার বলেন, শফিকুল মিশ্র ফল চাষি হিসেবে একজন সফল ব্যক্তি। তিনি বেকারত্বকে জয় করেছেন। শিক্ষিত যুবকরা তাকে অনুসরণ করে বেকারত্বকে জয় করতে পারবে। জেলায় তিনিই প্রথম বাণিজ্যিকভাবে তার মিশ্র ফল বাগানে বেদানার চাষ শুরু করেছেন।

যোগাযোগ:

শফিকুল ইসলাম রবু

মোবাইল: 01762-617635

  •  
  •  
  •  
  •  

Tags: