আমন ক্ষেতে বাদামী গাছ ফড়িংয়ের আক্রমণে দুশ্চিন্তায় কৃষক
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলা সহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন আমন ক্ষেতে শেষ সময়ে এসে বাদামী গাছ ফড়িং পোকার আক্রমণে সবুজ ধানের পাতা মরে যাচ্ছে। এতে ঘরে ধান তোলা নিয়ে দুশ্চিনায় পড়েছে কৃষক। এনিয়ে করণীয় সর্ম্পকে ব্যপক প্রচার-প্রচারণা অব্যহত রেখেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
জানা যায়, আমন ক্ষেতে বাদামী গাছ ফড়িং/কারেন্ট/ফুতকি পোকা হলো সব চেয়ে ভয়ঙ্কর। এ পোকা ক্ষেতে একবার প্রবেশ করলে, পুরো মাঠে ছড়ায় যেতে পারে। ধানের গোড়া কেটে দেয়। এতে ধানের মাথা সাদা হয়ে মরে যায়। ফলনও হয়না। এবারে এ অঞ্চলে আমন ক্ষেতে এ পোকার আক্রমন সব চেয়ে বেশি দেখা দিয়েছে রাজশাহীর তানোর, গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও নওগাঁর পোরশা, নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ফসলি মাঠে।
সম্প্রতি তানোর উপজেলার বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, উপজেলার প্রায় ৭৫ ভাগ কৃষক এবার স্বর্না জাতের ধান চাষাবাদ করেছেন। উপজেলার চাঁন্দুড়িয়া, কাশিমবাজার, রাতৈল, বাধাউড়, চাপড়া, কলমা, গাল্লা, হাতিশাইল সহ বিভিন্ন স্থানের আমন ক্ষেতের মাঠে স্বল্প পরিসরে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে অন্যান্য বছরের চেয়ে এবারে তা প্রকট আকারে নয় বলে স্থানীয় কৃষকদের দাবী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় আমনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার ৩৩৫ হেক্টর জমিতে। এর মধ্যে তানোর উপজেলায় ২১ হাজার ১শ’ ৩০ হেক্টর জমিতে আমনের আবাদ রয়েছে। এছাড়াও এ অঞ্চলের রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমন চাষাবাদ হবে আরো ৩ লাখ ৫০ হাজার হেক্টরের উপরে।
তানোর উপজেলার চাপড়া গ্রামের কৃষক তোফাজ্জুল ইসলাম জানান, চলতি মৌসুমে ৯ বিঘা জমিতে স্বর্না জাতের ধান চাষাবাদ করেছেন। শুরুর দিকে ভাল থাকলেও শেষ সময় এসে তার ২ থেকে ৩ বিঘা জমিতে ধানের মাঝে বাদামী গাছ ফড়িং পোকা বাসা বেধেছে। অনেক ক্ষেতের ধানের গোড়ায় কেটে দেওয়ায় সাদা সাদা হয়ে মরে যাচ্ছে। এঅবস্থায় তিনি ফসল নিয়ে দুশ্চিনায় পড়েছেন।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম জানান, আমনে পোকা দমনে উপজেলা জুড়ে মাঠ পর্যায়ে কৃষদের সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে, এখনও তা চলছে। তবে এখন পর্যন্ত এ উপজেলায় এ পোকার বিস্তর আকার ধারণ করেনি। ফলে কৃষকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

