কুড়িগ্রামের ফুলবাড়ীতে তুলার বাম্পার ফলনের সম্ভাবনা
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছয়টি ইউনিয়নে চলতি বছর তুলার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ না থাকায় অর্থনৈতিক সমৃদ্ধির সোনালী স্বপ্ন দেখছেন উপজেলার চার শতাধিক তুলা চাষী।
উপজেলা তুলা উন্নয়ন অধিদফতর সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নে এ বছর ১৬০ হেক্টর জমিতে তুলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সে অনুযায়ী ৪১০ জন কৃষককে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক প্রদান করা হয়। তুলা চাষের জন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে ১২৫ হেক্টর জমিতে রোপণ করা হয় তুলা। বন্যা ও অতিবৃষ্টির কারনে সামান্য কিছু ফসলের ক্ষতি হলেও ১১০ হেক্টর জমির ফসল বেড়ে উঠে।
এ প্রসঙ্গে উপজেলার বালাতারী গ্রামের তুলাচাষী আবু তালেব (৫৬) দুদুল মিয়া (৩৬) খোকন মিয়া (৩৪) কুরুষা ফেরুসা গ্রামের আকবর আলী (৪৫) জানান, আষাঢ় মাসে তুলা রোপন করলে চৈত্র মাসে মাড়াই শেষে ফসল ঘরে উঠে। আগে তুলা চাষ করে আমরা অনেক লোকসানে পড়েছি। কিন্তু এবছর প্রশিক্ষণ ও সরকারি সুবিধাদি পাওয়ায় তুলার সঠিক পরিচর্যা করা সম্ভব হয়েছে। বর্তমানে ক্ষেতের যে অবস্থা আছে তাতে বিঘাপ্রতি ১০/১২ মণ ফলন আশা করা যায়।
এ ব্যাপারে উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান জানান, প্রাকৃতিক দুর্যোগ বা কোন ধরনের আপদ না হলে এখন পর্যন্ত এ উপজেলায় তুলার বাম্পার ফলন আশা করছি। কৃষকরা যাতে উৎপাদিত তুলার ন্যায্য মুল্য পায় সেজন্য সরকারিভাবে তুলা ক্রয়ের ব্যবস্থা করা হবে।

