২০১৫-১৬ অর্থবছরে সাড়ে ১০ হাজার টন কাঁকড়া রফতানি
নিজস্ব প্রতিবেদক:
গত অর্থবছর অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরে ১০ হাজার ৫০০ টনের বেশি কাঁকড়া রফতানি করা হয়েছে। বর্তমানে শুধু কাঁকড়া রফতানি করে প্রতি বছর গড়ে ৪০০ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে বলে জানিয়েছেন খুলনা ও বাগেরহাটের কাঁকড়া ব্যবসায়ীরা।
শনিবার বণিক বার্তার ‘২০১৫-১৬ অর্থবছরে ১০ হাজার ৫০০ টন কাঁকড়া রফতানি’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে প্রথম কাঁকড়া রফতানি করা হয় ১৯৭৭ সালে। ওই বছর মাত্র ২ হাজার ডলারের কাঁকড়া রফতানি হয়েছিল। এর পর প্রতি বছরই রফতানি বেড়েছে। ২০১৪-১৫ অর্থবছর এর আকার দাঁড়ায় ১০ হাজার টন। গত অর্থবছর (২০১৫-১৬) তা ১০ হাজার ৫০০ টন ছাড়িয়েছে।
বাংলাদেশ থেকে কাঁকড়া রফতানির বড় অংশ যায় চীনে। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান, জাপান, সিঙ্গাপুর, কোরিয়া, যুক্তরাষ্ট্র, মিয়ানমার ও ইউরোপের কয়েকটি দেশ মিলিয়ে মোট ১৮টি দেশে এ কাঁকড়া রফতানি হচ্ছে। তবে, সুনির্দিষ্ট নীতিমালার অভাব ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হয়রানির শিকার হওয়ায় চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে কাঁকড়া রফতানি।
সূত্র: বণিক বার্তা

