দিনাজপুরে টমেটো চাষে জনপ্রিয় হচ্ছে ভেরমন ফাঁদ
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে ফসলের মাঠ জুড়ে সবুজ আর সবুজ। যেন মাঠের বুকে বিছানো রয়েছে বিশাল এক সবুজ গালিচা। কিন্তু এই গালিচার প্রধান শত্রু বিভিন্ন প্রজাতির পোকা। এসব পোকা দমনে বিভিন্ন ফসলে এতো দিন ভেরমন ফাঁদের ব্যবহার ছিলো। এবার এই ফাঁদ ব্যবহার করা হয়েছে টমেটোর পোকা দমনে।
দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের মুরাদপুর জৎবহবল সরকারপাড়া গ্রামের টমেটো চাষী আতিকুর রহমান জানান, চলতি মৌসুমে আড়াই বিঘা জমিতে টমেটো চাষ করছেন তিনি। গত কয়েক মৌসুমে ক্ষেতে টমেটো ছিদ্রকারী চিতি পোকা ও মাঝরা পোকার আক্রমণে ফসল উৎপাদন কম হওয়ায় লোকসান না হলেও লাভ তেমন হয়নি। বর্তমানে ভেরমন ফাঁদ ব্যবহারে পোকার আক্রমণ থেকে টমেটো ক্ষেত রক্ষা করা সম্ভব হচ্ছে। আর এজন্যই চলতি মৌসুমে অধিক ফলনের আশা করা যাচ্ছে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী আবু সামস্ মো. বদরুদ্দোজা জানান, ভেরমন ফাঁদ তৈরি করতে টমেটো চাষে প্রতি শতক জমিতে প্লাস্টিকের তৈরি একটি পোর্ট (বয়াম) ছোট খুঁটির উপর ঝুলাতে হবে। পোর্ট এর মাঝামাঝি পোকা প্রবেশ করতে পারে এমন বড় করে ছিদ্র করতে হবে। এর ভেতরে সাবান পানি, তার উপর স্ত্রী ও পুরুষ পোকার শুক্রানু মিশ্রিত তাবিজ ঝুলাতে হবে। যে তাবিজকে আকর্শন করে পোকা আসবে ও সাবান পানিতে পড়বে। কৃষকরা এই পদ্ধতি প্রয়োগ করায় খরচ যেমন বাঁচছে, তেমনি উৎপাদন করা সম্ভব হচ্ছে বিষ মুক্ত ফসলের।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. গোলাম মোস্তফা নজানান, চলতি মৌসুমে জেলার ১ হাজার ৯৪৬ হেক্টর জমিতে টমেটো চাষ হচ্ছে। উৎপাদন ভালো করার লক্ষে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে।
বর্তমানে গাছে গাছে ফুল-ফল আসতে শুরু করেছে। চাষীরা সঠিক পরিচর্যা করলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

