পোকা দমনে জনপ্রিয় ‘আলোক ফাঁদ’

ফেনী প্রতিনিধি:
ধানসহ বিভিন্ন ফসলের ক্ষেতে পোকা দমনে ‘আলোর ফাঁদ’ প্রযুক্তিতে ব্যাপক সফলতা পাচ্ছেন দাগনভূঞাঁর কৃষকরা। একইসঙ্গে পোকা শনাক্ত করে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করতে পারছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, রাতের বেলা উজ্জ্বল আলোয় ঝাঁকে ঝাঁকে উড়ে এসে জড়ো হয় বিভিন্ন ধরনের পোকামাকড়। সেই পোকামাকড়ের আলোর নিচে রাখা বড় পাত্রে ভর্তি সাবান মাখা পানিতে আটকে পড়ে। এরপর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা পোকা শনাক্ত করে কৃষকদের ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। এভাবে দাগনভূঞাঁ উপজেলার বিভিন্ন গ্রামে বোরো ক্ষেতে ‘আলোর ফাঁদ’ বসিয়ে পোকামাকড়ের উপস্থিতি জরিপের কাজ শুরু করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ক্ষেতের পোকামাকড় দমন ও চিহ্নিত করায় কৃষকরা তাৎক্ষণিক বালাইনাশক প্রয়োগ করতে পারছেন।

উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জামাল হোসেন জানান, কৃষক উদ্বুদ্ধকরণের মাধ্যমে উপজেলার ২৫টি ব্লকে প্রায় ২৫০টির অধিক ‘আলোর ফাঁদ’ স্থাপন করা পরিকল্পনা রয়েছে। উপজেলার বিস্তীর্ণ বোরো ক্ষেতে আলোর ফাঁদ স্থাপনের মাধ্যমে কৃষকরা সহজেই পোকামাকড় দমন ও চিহ্নিত করে প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করতে পারছেন।

এদিকে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে উত্তর চন্ডিপুর গ্রামে মাস্টার পাড়া চাষি বেলায়েত হোসেন দুলুর বোরো ক্ষেতে আলোর ফাঁদ বসিয়ে পোকার উপস্থিতি পর্যবেক্ষণ করা শুরু হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: