শুরু হয়েছে কেআইবি কৃষি পদক-২০১৭ এর মনোনয়ন আহ্বান
কৃষি ডেস্ক:
কৃষিতে উন্নয়নের ধারা বেগবান করার ক্ষেত্রে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান অবদান রাখছেন তাদেরকে আরও আকৃষ্ট ও উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও কেআইবি কৃষি পদক-২০১৭ প্রদান করা হবে।
নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন, প্রয়োগ, সম্প্রসারণ, উপকরণ সরবরাহ ও সেবা প্রদানে দৃষ্টান্তমূলক অবদানের জন্য কৃষি সংশ্লিষ্ট সাতটি সেক্টরে দেয়া হবে ‘কেআইবি কৃষি পদক’।
পদকের জন্য মনোনয়ন আহ্বান করে কৃষিবিদ ইনস্টিটিউটের বাংলাদেশ এর মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্সের স্বাক্ষরে ইতোমধ্যে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সকল সেক্টরে পদক দেয়া হবে সেগুলো হলো- সেরা প্রতিষ্ঠান (শিক্ষা, গবেষণা, সম্প্রসারণ, উপকরণ ও সেবা সরবরাহ), সেরা কৃষি ব্যক্তিত্ব (শিক্ষাবিদ, গবেষক, সম্প্রসারণবিদ ও সংগঠক), বর্ষসেরা কৃষিবিদ (শিক্ষাবিদ, গবেষক, সম্প্রসারণবিদ ও সংগঠক), সফল কৃষক/কৃষি উদ্ভাবক, কৃষি উদ্যোক্তা (ব্যক্তি ও প্রতিষ্ঠান), কৃষি উন্নয়নে নারী (ব্যক্তি) এবং কৃষি প্রকাশনা/সম্প্রসারণ (ব্যক্তি ও প্রতিষ্ঠান)।
পদকের জন্যে মনোনীত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ, সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। পদক বিজয়ী সেরা প্রতিষ্ঠান ও কৃষিব্যক্তিত্বকে এক লাখ টাকা, বাকি প্রতিটি সেক্টরে বিজয়ীকে দেয়া হবে ৫০ হাজার টাকা করে। কেআইবি কৃষি পদক ২০১৭ এর জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ মার্চ ২০১৭।
পদক সংক্রান্ত বিস্তারিত সব তথ্য পাওয়া যাবে কেআইবির ওয়েবসাইটে।
২০১৪ সালে সর্বপ্রথম কেআইবি কৃষি পদক প্রবর্তন করা হয় এবং মনোনয়ন যাচাই-বাছাইয়ের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. মতলুবুর রহমানকে সভাপতি করে সাত সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়। ১৯৭২ সাল থেকে পেশাজীবী কৃষিবিদ ও বাংলাদেশের কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি)।

