১০ বছরে ময়মনসিংহে পাটের উৎপাদন বেড়েছে দ্বিগুণ
ডেস্ক নিউজ:
দেশের ও দেশের বাইরের বাজারে পাটপণ্যের দাম ও চাহিদা বেশি থাকায় ময়মনসিংহ জেলায় দিন দিন বাড়ছে পাট চাষ। গত ১০ বছরে জেলায় পাটের উৎপাদন প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।
২৯ শে মার্চ বুধবার দৈনিক বণিক বার্তায় প্রকাশিত ‘১০ বছরে ময়মনসিংহে পাটের উৎপাদন বেড়েছে দ্বিগুণ’ শীর্ষক শিরোনামের একটি প্রতিবদনে এ তথ্য উঠে এসেছে।
কৃষি বিভাগ সূত্রে, গত ১০ বছরে পাটের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বেড়েছে আবাদকৃত জমির পরিমাণও। এতে স্থানীয় কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি পাট চাষ করে অধিক লাভবান হচ্ছেন।
ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, জেলায় ২০০৭ সালে ৫ হাজার ৬৬১ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয় ৫ হাজার ২৮৫ হেক্টর জমিতে। অর্থাৎ ওই মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৭৬ হেক্টর কম জমিতে পাটের আবাদ হয়। ওই বছর জেলায় ৪২ হাজার ৫৯৩ বেল পাট উৎপাদিত হয়। ২০০৮ ও ২০০৯ অর্থবছরে পাট চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ২০১০ সালে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ ভাগ বেশি জমিতে পাট চাষ হয়। ওই বছর ৮ হাজার ৬০৩ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে চাষ হয় ১৩ হাজার ৭৫ হেক্টরে।
২০১০ সালে জেলায় ১ লাখ ৬৬০ বেল পাট উৎপাদিত হয়। ২০১৬ সালে ৮ হাজার ১৭৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয় ৮ হাজার ২২৯ হেক্টরে। ওই বছর জেলায় ৮৭ হাজার ৮২৩ বেল পাট উৎপাদিত হয়। চলতি বছর পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ২২৭ হেক্টর জমিতে। এ বছরও আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে আশাবাদী কৃষি বিভাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ১৩টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয় ত্রিশালে। এ উপজেলায় গত পাঁচ বছরে পাটের চাষ বেড়েছে দ্বিগুণের বেশি। চলতি বছর শুধু ত্রিশাল উপজেলায়ই এক হাজার হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।
তথ্য- দৈনিক বণিক বার্তা

