চাঁপাইনবাবগঞ্জের বাজারে এখনো আসছে আশ্বিনা আম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগগঞ্জসহ কানসাটের বাজারে এখনো আসছে আশ্বিনা আম। ব্যবসাও হচ্ছে জমজমাট। তবে দাম অনেক বেশি। পাঁচ হাজার টাকা মণ দরে কেনা বেচা হচ্ছে এই আম। দেখতে আকারে অনেক বড় হওয়ায় এবার মৌসুমের শেষে এসে আশ্বিনা আমের বাজার ভালো। এখন পর্যন্ত শতকরা ৬০ শতাংশ গাছে আশ্বিনা আম রয়েছে বলে স্থানীয় চাষিরা জানিয়েছেন।

জানা গেছে, পুরো জেলায় আশ্বিনা আমের গাছের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৫৮টি। তার মধ্যে গোমস্তাপুরে ৫৮ হাজার ৭২৫, শিবগঞ্জে ৩০ হাজার গাছ এবং সদরে ২৪ হাজার ৬০০টি গাছ আছে।

সদর ও গোমস্তাপুর খুবই কাছাকাছি হওয়ার কারণে এই অঞ্চলের আশ্বিনা আম কানসাট বাজারে নেয়া হয়। আর এসব আমের বাগান মালিকেরা ব্যাগ পদ্ধতি ব্যবহার করায় আম পোকামাকড় মুক্ত রয়েছে।

এ ছাড়া কানসাটের বাজারে নাবী জাতের গৌড়মতি পাওয়া যাচ্ছে। যার স্বাদ অনেকটা ল্যাংড়ার মতো।

আঞ্চলিক কৃষি গবেষণাগার (সাবেক আম গবেষণাগার) বলছে, এবার কার্তিক মাসেও চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম পাওয়া যাবে। তবে শিবগঞ্জ সীমান্তের কাছাকাছি পশ্চিম বাংলার মালদহ অংশের আশ্বিনা আমও ব্যাপক হারে চোরাই পথে বাংলাদেশে ঢুকছে।

দাম দরে শিবগঞ্জ অঞ্চলের আশ্বিনার চেয়ে অর্ধেক হওয়ায় ঢাকা, চট্টগ্রাম ও দেশের অন্যান্য অংশের পাইকাররা আগ্রহ ভরে চোরাই পথে আসা মালদহের আশ্বিনা আম ব্যাপক হারে নিয়ে যাচ্ছে।

  •  
  •  
  •  
  •  

Tags: