কৃষক ইঁদুর মারার ফাঁদ বানালেন ইউটিউবে দেখে
নিউজ ডেস্কঃ
জমিতে কীটনাশক ব্যবহার করেন না, তাই বিকল্প উপায়ে ইঁদুর মারার পরিকল্পনা করেন। আলু ক্ষেতে ক্ষতির সম্মুখীন হয়েছেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের কৃষক আব্দুল আউয়াল। তাই এই বিকল্প উপায় খুঁজে বের করলেন এই কৃষক।
রাতের খাবার খেয়ে শুয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে শুরু করেন। এক পর্যায়ে পেয়ে যান বাঁশ, রশি ও তার দিয়ে তৈরি করা যায় এমন ইঁদুর মারার ফাঁদ। ইউটিউবে মাত্র ১০ মিনিট ভিডিও দেখেই আউয়াল ইঁদুর মারার ফাঁদ তৈরি করেন। বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে একটি বাঁশ কেটে নিয়ে ফাঁদ তৈরির কাজ শুরু করেন। একটি বাঁশ একহাত টুকরো করে কেটে রশি ও তার দিয়ে তৈরি করেন ফাঁদ।
তিনি বলেন, রাতে শুকনো মাছ বা সিদল দিয়ে ফাঁদ আলু ক্ষেতে পেতে রাখেন। সকালে গিয়ে দেখতে পান ১০টি ইঁদুর আটকে মরে আছে। এভাবে প্রতিরাতে আলু ক্ষেতে ফাঁদ পেতে ইঁদুর নিধন করেন তিনি। এখন পর্যন্ত ৫০টি ইঁদুর মেরেছেন এভাবে। প্রতিটি ফাঁদ তৈরি করতে ২০ টাকার মতো খরচ পড়ে। সময় লাগে এক ঘণ্টা। আলু, গম, ভুট্টা ক্ষেত, বসত বাড়ি, গাছে সব জায়গায় ব্যবহার করা যায় এই ফাঁদ।
বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর ব্লকের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বিদু বলেন, আব্দুল আউয়াল একজন স্বশিক্ষিত কৃষক। তিনি নিজের প্রচেষ্টায় অনেক কিছু শিখেছেন। ইঁদুর মারার যে ফাঁদ তিনি তৈরি করেছে তা শতভাগ কার্যকর।

