আবহাওয়ার পরিবর্তনে ঝিনাইদহে রবি ফসলের ব্যাপক ক্ষতি
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, বৈরি আবহাওয়ার কারনে উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় ১৫ হাজার হেক্টর রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ৫২৫০ হেক্টর গম, ৪০৫০ হেক্টর মশুর ও ৬১৩৫ হেক্টর পিয়াঁজক্ষেত রয়েছে। ফেব্রুয়ারী মাসে হঠাৎ বৃষ্টির পর অধিক ভ্যাপসা গরমে এসব ফসল নষ্ট হয়েছে। তবে পিঁয়াজ ক্ষেতে পাতামরা রোগ দেখা দিলেও দেরিতে রোপনকৃত কিছু কিছু এলাকার ফসল ভাল রয়েছে।
মনোহরপুর গ্রামের চাষী আব্দুল মতিন জানান, এ বছর বিঘা প্রতি মশুরের ফলন হবে ২ থেকে ৩ মন যা গত বছর ছিল ৩ গুন।
বিজুলিয়া গ্রামের বাচ্চু মোল্লা বলেন, গরমে মাঠের পর মাঠ গম কালো হয়ে চিটায় পরিনত হয়েছে, সবুজ ফসলের বুকে এখন শুধুই খড়ার ঘা, গম চাষীদের মাথায় হাত উঠেছে।
ব্রহ্মপুর গ্রামের আশরাফ আলী জানান, প্রতিটি গমের ঢোগায় প্রথমে সাদা হয়ে কয়েকদিনের মধ্যেই কালো রং ধারণ করছে। অপরদিকে পিঁয়াজক্ষেতের পাতামরা রোগ শুরু হয়েছে। পর্যাপ্ত শীতের পরিবর্তে ভ্যাপসা গরমে এ বছর রবি ফসরের ফলন বিপর্যয়ে পড়েছে বিভিন্ন গ্রামের চাষীরা।
উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ জানান, এ বছর শীত কম পড়ায় গমের ফলন কম হয়েছে এবং গরমের পরপরই বৃষ্টিতে ফুল-ফলে ভরে ওঠা মশুরক্ষেত নষ্ট হয়েছে। আবহাওয়া জলবায়ুগত কারনে এ ধরনে প্রাকৃতিক বিপর্যয়ে চাষীরা তাদের কাঙ্খিত ফসল থেকে বঞ্চিত হচ্ছে।

