অভাবের তাড়নায় গরু-ঘোড়ায় হালচাষ!

মাগুরা প্রতিনিধি:
গরু ও ঘোড়া দিয়ে নিজ জমিতে হাল চাষ করছেন প্রান্তিক কৃষক তবিবর রহমান মোল্যা। এই কৃষকের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের পূর্বনারায়ণপুর গ্রামে। গরু ও ঘোড়ার দিয়ে এই অভিনব হাল চাষ দেখতে প্রতিদিনই লোকজন ভিড় করছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের পূর্বনারায়ণপুর গ্রামের বাসিন্দা মনির উদ্দিন মোল্যার ছেলে তবিবর একজন প্রান্তিক কৃষক। নিজের সামান্য জমি আর অন্যের বর্গা জমি চাষ করে কোনোমতে চলে সংসার।

সম্প্রতি অভাবের তাড়নায় একটি হালের বলদ বিক্রি করায় চাষের ভরা মৌসুমে বলদ না থাকায় তিনি অসহায় হয়ে পড়েন।

উপজেলা সদরের হাটবাজারে ঘুরে বেড়ানো বেওয়ারিশ খর্বাকৃতির একটি ঘোড়া পেয়ে তিনি বাড়ি নিয়ে আসেন। এরপর এক পাশে হালের বলদ অন্যপাশে ঘোড়া জুড়ে দিয়ে লাঙল দিয়ে চাষ শুরু করেন তবিবর। প্রথমে সমস্যা হলেও গরুর সঙ্গে ঘোড়াটি এখন হাল চাষে অভ্যস্ত হয়ে পড়েছে। পথে পাওয়া ঘোড়াটিকে তিনি এখন বেশ যত্ন করছেন বলে জানান।

সদরের বাসিন্দা নাসিরুজ্জামান রবু জানান, গরু আর ঘোড়া দিয়ে একসঙ্গে হাল চাষের ঘটনায় এলাকায় সাড়া পড়েছে।

কৃষক তবিবর হমান মোল্যা জানান, হালের একটি গরু বিক্রি করে আমি অসহায় হয়ে পড়েছিলাম। পথে পাওয়া এই ঘোড়াটি দিয়ে আমার নিজের জমির পাশাপাশি অন্যের জমি চাষ করে উপার্জন করতে পারছি।

মহম্মদপুর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, কৃষির আধুনিকীকরণের এই যুগে গরু দিয়ে লাঙ্গলের চাষের এখনো কদর আছে। ঘোড়ার শক্তিকে কাজে লাগিয়ে কৃষক তবিবর রহমানের হাল চাষ অভিনবই বটে।

  •  
  •  
  •  
  •