ধানের মণ ১২০০ টাকা নির্ধারণের দাবিতে বগুড়ায় সমাবেশ অনুষ্ঠিত
কৃষি ডেস্ক: বগুড়াতে বোরো ধানের দাম মণপ্রতি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ ও ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে সরাসরি কমপক্ষে ৫০ লাখ টন ধান ক্রয়ের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের সাতমাথায় সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনটির বগুড়া জেলা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি ধনঞ্জয় বর্মণের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাসদের জেলা সদস্যসচিব সাইফুজ্জামান, সদস্য মাসুদ পারভেজ, কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্র ফ্রন্টের সাবেক জেলা সভাপতি শ্যামল বর্মণ প্রমুখ।
সাইফুল ইসলাম বলেন, চলতি মৌসুমে সরকার ধানের দাম মণপ্রতি ১ হাজার ৮০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু উৎপাদন খরচের তুলনায় এটা যথেষ্ট নয়। উৎপাদন খরচের সঙ্গে ৪০ শতাংশ অতিরিক্ত যুক্ত করে ধানের দাম কমপক্ষে ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করতে হবে।
সাইফুল ইসলাম আরও বলেন, সরকারি গুদামে ধান কেনার লক্ষ্যমাত্রা খুবই কম। সরকার এ বছর মাত্র সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান, সাড়ে ১১ লাখ মেট্রিক টন মোটা চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। বাধ্য হয়ে কৃষক বাজারে সরকার-নির্ধারিত দামের চেয়ে অনেক কমে ধান বিক্রি করছেন। এতে কৃষকের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, কৃষক ধান উৎপাদন করেন, চাল নয়। ধান থেকে চাল তৈরি করেন চালকল ও মিল মালিকেরা। অথচ সরকার ধান কিনবে কম, চাল কিনবে বেশি। এর মাধ্যমে কৃষকের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সরকার মিল মালিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, কৃষি ও কৃষক বাঁচাতে প্রতিটি ইউনিয়নে কমপক্ষে একটি করে ক্রয়কেন্দ্র খুলতে হবে। ব্যবসায়ী সিন্ডিকেট যাতে চালসহ দ্রব্যমূল্য বাড়িয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দেশে খাদ্যপণ্যের মজুত নিশ্চিতে প্রতি মৌসুমে কমপক্ষে ৫০ লাখ টন ধান কেনা প্রয়োজন। খাদ্যশস্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত খাদ্যগুদাম ও সাইলো নির্মাণের উদ্যোগ নিতে হবে।

