কৃষি উৎপাদন বাড়াতে বাংলাদেশ–নেদারল্যান্ডসের উদ্যোক্তারা একত্রে কাজ করবে
কৃষি ডেস্ক: বাংলাদেশে কৃষি উৎপাদন বাড়াতে ডাচ্ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে দুই দেশের বেসরকারি খাতের উদ্যোক্তারা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছেন। গতকাল সোমবার নেদারল্যান্ডসের রাজধানী হেগে অনুষ্ঠিত কৃষি খাতের ব্যবসাবিষয়ক এক সম্মেলনে দুই দেশের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।
নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ দূতাবাস আয়োজিত অ্যাগ্রি বিজনেস কনক্লেভে বাংলাদেশের প্রায় ৪০ জন উদ্যোক্তা ডাচ্ কৃষি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি প্রযুক্তি সহযোগিতা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেছে ওয়েগেনিনজেন বিশ্ববিদ্যালয়।
আলোচনায় বাংলাদেশি ব্যবসায়ীরা প্রযুক্তি কিনতে আগ্রহ দেখিয়েছেন। বাংলাদেশি ব্যবসায়ীরা মেধাস্বত্ব সংরক্ষণের প্রতিশ্রুতি দিলে নেদারল্যান্ডসের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা প্রযুক্তি সহযোগিতা দিতে রাজি থাকার বিষয়টি উল্লেখ করেন।
আলোচনায় কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে তৈরি আছে।
বাংলাদেশের পক্ষ থেকে স্কয়ার, ইস্পাহানি অ্যাগ্রো, এ কে খান অ্যান্ড কোম্পানি, প্যারাগন গ্রুপ, এসিআই, জেমকন গ্রুপসহ অন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তিনি জানান, আজ মঙ্গলবার বাংলাদেশের উদ্যোক্তারা ডাচ্ প্রযুক্তির প্রয়োগ দেখতে যাবেন।

