মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ
অর্থনীতি ডেস্কঃ মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। ২০২০-২১ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বেড়ে হয়েছে দুই হাজার ২২৭ ডলার। অন্যদিকে সবশেষ হিসাবে ভারতের মাথাপিছু আয় এক হাজার ৯৪৭ ডলার।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক ড. জায়েদ বখত বলেন, দুটি কারণে দেশে মাথাপিছু আয় বেড়েছে। একটি কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি। আরেকটি হচ্ছে ডলারের মূল্য স্থিতিশীল রয়েছে, তাই ডলারের হিসাবে জাতীয় আয় বেড়েছে।
তবে ভারত সরকারের সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ামের মতে, এক দেশের সঙ্গে অন্য দেশের পরিসংখ্যানগুলো সবসময় তুলনা করা যায় না। কারণ, বিনিময়হারের ভিত্তিতে কল্যাণের বিষয়টির তুলনা যথাযথ নয়। এটি অভ্যন্তরীণ মূল্যস্ফীতি ও উৎপাদনে প্রবৃদ্ধির তুলনামূলক চিত্র ঠিকভাবে তুলে আনতে পারে না। তবে স্থিরমূল্যে জিডিপি ও ক্রয়ক্ষমতার ভিত্তিতে এটি করা যেতে পারে। এ ক্ষেত্রে ভারত এগিয়ে রয়েছে।
গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আভাস দিয়েছিল ২০২০ সালে চলতি বাজারমূল্যে মাথাপিছু জিডিপিতে ভারতকে বাংলাদেশ ছাড়িয়ে যাবে। বাংলাদেশের মাথাপিছু জিডিপি এক হাজার ৮৮৮ ডলারে পৌঁছাবে। অন্যদিকে ভারতে এটি কমে হবে এক হাজার ৮৭৭ ডলার। প্রতিবেদনটি প্রকাশের পর বাংলাদেশ ও ভারতে ব্যাপকভাবে আলোচিত হয়।
এদিকে এবারই প্রথম মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে গেলেও বেশ কিছু সামাজিক সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশটিকে ছাড়িয়ে গেছে আরও ছয় বছর আগে। যেমন ভারতের মেয়েদের তুলনায় বাংলাদেশের মেয়েদের শিক্ষার হার বেশি ও নারীপ্রতি জন্মহার কম। এ ছাড়া ভারতের তুলনায় বাংলাদেশে নবজাতকের ও পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হারও কম।
নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন তাঁর নিজের দেশ ভারতের তুলনায় সামাজিক সূচকে বাংলাদেশের এই সাফল্যের কথা বারবার লিখেছেন।

