ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠান করার চেষ্টা করা হবে
নিউজ ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সদ্য গঠিত বোর্ডের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
সোমবার (১৮ অক্টোবর) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি মাত্র খবর পেলাম আমাকে চেয়ারম্যান করা হয়েছে। এখনো আমি জিনিসটা পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কমিটির অন্য যে চারজন সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে হবে। বিজ্ঞ চার সদস্য যদি একমত হন, তাহলে আমরা সবাই মিলে ইভ্যালিকে একটি লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য চেষ্টা করব।’
বিচারপতি মানিক আরও বলেন, পাশাপাশি যারা এখানে টাকা লগ্নি করেছেন, যাদের পয়সা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা শুরু হয়েছিল। তাদের পয়সা যতখানি সম্ভব রক্ষা করে ফেরত দেওয়ার ব্যবস্থা করা। এ বিষয়গুলো ভাবতে পারছি, পরে সবার সঙ্গে আলাপ করে বিস্তারিত জানাবো।

