রংপুর মেডিকেল কলেজে ক্লাস বন্ধ ঘোষণা

রংপুর প্রতিনিধি:
শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দের জেরে রংপুর মেডিকেল কলেজে (রমেক) ক্লাস বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল থেকে কমিটি ঘোষণার প্রতিবাদে কলেজের পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় পদবঞ্চিত নেতা-কর্মীরা।

নতুন কমিটির সভাপতি মাসুদ পারভেজ জানান, তিন মাসের মধ্যে কমিটি ঘোষণার দায়িত্ব দেয়া হলেও তারা এক বছরেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি। এ কারণে কেন্দ্রীয় কমিটির নির্দেশে রংপুর মহানগর কমিটি আগের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করেছে।

নতুন কমিটির খবরে মঙ্গলবার রাত থেকেই রমেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে আগের কমিটির নেতাকর্মীরা। অন্য দিকে নতুন কমিটির নেতাকর্মীরাও পাল্টা মিছিল করছে ক্যাম্পাসে।

রমেক ছাত্রলীগের সাবেক কমিটির সাভাপতি মাহফুজুল হক ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, রাতের আঁধারে ঘোষণা করা এ নতুন কমিটিকে রমেকের ছাত্রলীগ নেতাকর্মীরা প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ করছে।

রমেকের অধ্যক্ষ আবু তালেব সংবাদমাধ্যমকে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগ নেতারা ছাত্রলীগের উভয় পক্ষের নেতা-কর্মীদের নিয়ে সমঝোতা বৈঠকে বসেছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা নেয়া শুরু করলেও ক্লাস বন্ধ রয়েছে বলেও জানান অধ্যক্ষ।

প্রসঙ্গত, মাসুদ পারভেজকে সভাপতি ও গৌরঙ্গ চন্দ্র শাহাকে সাধারণ সম্পাদক করে মঙ্গলবার রাতে রমেক ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয় রংপুর মহানগর আওয়ামী লীগ।

  •  
  •  
  •  
  •