বাকৃবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিজয় মিছিল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবনির্মিত ছাত্রী হলের নাম ‘বেগম রোকেয়া হল’ করায় বিজয় মিছিল করেছে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঐ বিজয় মিছিল করে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
জানা যায়, বিজয় মিছিলটি সংগঠন কার্যালয় থেকে শুরু হয়ে কামাল-রঞ্জিত (কে.আর) মার্কেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক গৌতম করের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, সহ- সভাপতি জুনায়েদ হাসান প্রমূখ নেতৃবৃন্দ।
এসময় তারা চলমান আন্দোলনে সহযোগী সবাইকে অভিনন্দন জানান এবং পরবর্তী আন্দোলন সংগ্রামে সহয়োগী হওয়ার আহ্বান জানান এবং দেশের ম্যানগ্রোভ বন সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলসহ বাকৃবিতে পূর্ণাঙ্গ রেলস্টেশন চালু করার দাবী পেশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবনির্মিত ছাত্রী হলের নাম ‘বেগম রোকেয়া হল’ করার দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গেল বুধবার (২৭ জুলাই) ১০টার দিকে নবনির্মিত ছাত্রী হলের নামকরণ ‘বেগম রোকেয়া হল’ করার ঘোষণা দেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর।

