জাবিতে হল থেকে হেরোইন সেবনরত ২ শিক্ষার্থী আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) আ ফ ম কামালউদ্দিন হল থেকে হেরোইন সেবনরত অন্য হলের দুই শিক্ষার্থীকে আটক করেছেন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে হলের ৩৩৫ নং কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- বাংলা বিভাগের ৩৯তম আবর্তনের ছাত্র মাইনুদ্দিন জনি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২তম আবর্তনের ছাত্র মো. সাজ্জাদ হোসেন সায়েম।
জিজ্ঞাসাবাদে আটক জনি জানান, সে বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছর ধরে মাদক সেবন ও হেরোইনের ব্যবসা করে। তারা বাহির থেকে নিয়মিত আ ফ ম কামালউদ্দিন হলের ৩৩৫ নম্বর কক্ষে এসে মাদক সেবন করে। এছাড়া সায়েমকে গত জুনে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃতরা ক্যাম্পাসের বিভিন্ন হলের হেরোইন সেবনকারী ও ব্যবসায়ীদের নাম জানায়।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, মাদকের বিরুদ্ধে ছাত্রলীগ সর্বদা সচেষ্ট, সচেতনতার ধারাবাহিকতায় মাদক সেবনকারীদের হাতেনাতে ধরে প্রশাসনের হাতে দেয়া হয়েছে।
আ ফ ম কামালউদ্দিন হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট এ এইচ এম সাদৎ বলেন, আমরা উপ-উপাচার্য ও প্রক্টরিয়লা বডির সঙ্গে যোগাযোগ করেছি। অভিযুক্তদের পরিবার ও তাদের আবাসিক হলের দায়িত্বশীলকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলেন, তাদের বিরুদ্ধে ছাত্র-শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

