জাবিতে ফুলের টবে গাঁজার চাষ!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দূর থেকে তাকালে মনে হবে টবের মধ্যে শোভা পাচ্ছে ফুল গাছ। কিন্তু কাছে গিয়ে না দেখলে বোঝারই উপায় নেই যে টবে আসলে চাষ হচ্ছে গাঁজার চারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের ২০৯ ও ২১০ নম্বর রুমের জানালার পাশেই এভাবে ফুলের টবে লাগানো হয়েছে গাঁজার গাছ।

খোঁজ নিয়ে জানা যায়, ২১০ নম্বর রুমে থাকেন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. রইস। যিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক। তার সাথে একই রুমে থাকেন ছাত্রলীগ কর্মী মো: রাসেল। যিনি রসায়ন বিভাগের ৪১তম ব্যাচের ছাত্র। এর পাশে ২০৯ নম্বর রুমেই থাকেন আরেক ছাত্রলীগ কর্মী আনন্দ সরকার। মূলত এই দুই রুমের তিন বাসিন্দা মিলেই লাগিয়েছেন এসব গাঁজার চারা। এরা সবাই শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিঠুন কুন্ডু ও শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির অনুগত।

নাম প্রকাশ না করার শর্তে আশ-পাশের রুমের শিক্ষার্থীরা বলেন, প্রায়ই এই দুই রুমে গাঁজার আসর বসে। আমরা টের পেলেও ভয়ে তাদের কিছু বলতে পারি না। টবের মধ্যে এসব গাছ দেখলেও আমরা আগে জানতাম না যে এগুলো আসলে কী?

টবে গাঁজার চারা লাগানোর কথা অস্বীকার করে মো. রইস প্রথমে বলেন, এটি ওষুধি গাছ, পরে বলেন ফুল গাছ। বাকি দু’জনকে ফোন করেও পাওয়া যায়নি। হলের প্রভোস্ট মো. আবু দায়েন বলেন, এ বিষয়ে আমি খোঁজ-খবর নিচ্ছি। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল বলেন, মাদক থেকে আমরা সব সময়ই নেতা-কর্মীকে দূরে থাকতে বলি। আমরা এ বিষয়ে অবশ্যই খোঁজ-খবর নিয়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব।

  •  
  •  
  •  
  •