প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর শাহবাগ থেকে এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন পাবলিক ও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ফল জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আল রাবীত ওরফে শুভ, মো. রিয়াজ ভূঁইয়া, মো. মেহেদী হাসান, মো. নজরুল ইসলাম ওরফে রাজু ও মো. আসাদুজ্জামান ওরফে গালিব।

সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে ভুয়া পেজ খুলে এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন পাবলিক ও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ফলাফল পরিবর্তনের নামে গুজব ছড়িয়ে প্রতারণা করে আসছিল।

এ ছাড়া তারা ম্যাজিক কল ও ম্যাজিক এসএমএস নামে নিজস্ব উদ্ভাবিত সফটওয়ার ব্যবহার করে পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলাফল ও প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা করে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে। এসব কাজে তারা অনেক সময় ভিওআইপি কল প্রযুক্তি ব্যবহার করে। তাদের কাছ থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ ও বিভিন্ন রকম সফটওয়ার উদ্ধার করা হয়।

  •  
  •  
  •  
  •