বঙ্গবন্ধু না হলে বাংলাদেশের কথা চিন্তা করতে পারতাম না: ইউজিসি চেয়ারম্যান
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তিনি না থাকলে বাংলাদেশ হতোনা, বাংলাদেশের কথা আমরা চিন্তা করতে পারতাম না। তিনি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তিদাতা। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু আমাদের মাঝে বেচে থাকবে। আপনি যে দলই করুন না কেন বঙ্গবন্ধুর কথা শুনতে হবে।
শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে “বঙ্গবন্ধু : স্বাধীন বাংলাদেশ ও উন্নয়ন ”শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহর সভপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তুনুর সঞ্চাচালনায় আলোচনাসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন ও অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক সনৎ কুমার সাহা।
এসময় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বাঙালী জাতি তার অভিভাবককে হারিয়েছে। বঙ্গবন্ধুকে হারালেও তার আদর্শকে বাঙালী জাতি হারায়নি। বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক সনৎ কুমার সাহা বলেন, স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু লজ্জার সাথে বলতে হচ্ছে এদেশের কিছু নর ঘাতক ও সাম্প্রদায়িক শক্তি তাকে নির্মমভাবে হত্যা করেছে। যা বাঙালী জাতির জন্য কলঙ্ক। বঙ্গবন্ধু আমাদের চিন্তা চেতনার মধ্যে আজীবন অমর হয়ে আছেন এবং থাকবেন।

