রাবিতে প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভ, উপাচার্যের আশ্বাস

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিলি জেসমিন ও সহকারী আবাসিক শিক্ষিকা পাক নেহাদ বানুর পদত্যাগের দাবিতে আবারো অবস্থান কর্মসূচি পালন করেছে ওই হলের আবাসিক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে তারা। ২ ঘন্টা অবস্থান করার পর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন তাদের আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ২৯ আগষ্ট নানা অভিযোগসহ আমরা হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষিকার পদত্যাগ দাবিতে ২৪৬ জন শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্র ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমানকে দিয়েছি। বিশ্ববিদ্যালরয়র ছাত্র উপদেষ্টা আমাদের আশ্বাস দেন কিন্তু আশ্বাসের দুই দিন পরও কোনো অগ্রগতি না হওয়ায় আমরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আবারও ছাত্র উপদেষ্টার সাথে দেখা করেন। এ সময় ছাত্র উপদেষ্টা আমদের সাথে বিভিন্ন রকম কথা বলে দাবি পূরণের কথা এড়িয়ে যান বলে অভিযোগ করেন তারা। এসময় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে আমরা হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষিকার পদত্যাগ দাবি করি। পরে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন আমাদেরকে তার কার্যালয়ে ডেকে দাবি পুরণের আশ্বাস দেন।

শিক্ষার্থীরা আরো বলেন, আন্দোলনের কারণে তারা আমাদের সাথে আরো বেশি খারাপ আচরণ করছে। তাদের আচরণের কোন পরিবর্তন হয়নি। আমাদেরকে তারা মানুষই মনে করে না। স্বাক্ষর করায় হলে থাকতে পারবেনাসহ নানা ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। তাদের আচরণের কারণে আমরা আগেও তাদের পদত্যাগ দাবি করেছি এখনও করছি।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, এর আগে তাদের সমস্যাগুলোর বিষয়ে জানতাম না। লিখিত অভিযোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়েছে। ক্রমান্বয়ে তাদের দাবি পুরণ করা হবে। প্রাধ্যক্ষের পদত্যাগের ব্যাপারে তিনি বলেন, ছাত্রীদের সাথে প্রাধ্যক্ষ ও হলের স্টাফদের সাথে ভুল বোঝাবুঝির কারণে এমন হতে পারে। হল প্রশাসনের সাথে কথা বলে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা হবে।

প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিলি জেসমিন ও সহকারী আবাসিক শিক্ষিকা পাক নেহাদ বানুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে পদত্যাগের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে হলের ছাত্রীরা।

শিক্ষার্থীদের অভিযোগপত্রে বলা হয়, ছাত্রীদের কোনও সমস্যা প্রাধ্যক্ষ বা আবাসিক শিক্ষিকাকে জানালে তারা সেটা না শুনে দুর্ব্যবহার করে। এমনকি হল ছেড়ে যেতে এবং পরিবার নিয়ে কটূ কথা বলে। গণরুমে অতিথি কার্ড করার জন্য অনেক ভোগান্তি পোহাতে হয়। কার্ড হলেও তা ইচ্ছাকৃতভাবে প্রদান করতে দেরি করে। কক্ষে পর্যাপ্ত পরিমাণ সিট থাকা সত্ত্বেও তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রীদের কক্ষে সিট দেওয়া হচ্ছে না। এছাড়া দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান ছাত্রীদের দাবি পূরণের আশ্বাস দিলে ওই দিন তারা ফিরে যায়।

  •  
  •  
  •  
  •  

Tags: