শিথিল করা হয়েছে রাবি ভর্তি পরীক্ষার যোগ্যতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির পরীক্ষার জন্য নূন্যতম যোগ্যতা শিথিল হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ তথ্য জানান।
আসলাম হোসেন জানান, মানবিক থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৭ পেতে হবে। যা আগে ছিল ৭ দশমিক ৫০। বাণিজ্য শাখঅ থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩ দশমিক ৫০ সহ মোট জিপিএ ৭ দশমিক ৫০ পেতে হবে। যা আগে ছিল ৮। আর বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় শাখায় (চতুর্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩ দশমিক ৫০ সহ মোট জিপিএ ৮ পেতে হবে। যা আগে ছিল ৮ দশমিক ৫০।
আগামী ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বলে জানান তিনি। আবেদন প্রক্রিয়া চলবে ২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
এছাড়া ভর্তির আবেদন ফি-তে কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে বি ইউনিটে ৩৩০ টাকা দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে, যা আগে ছিল ৩০০টাকা; সি ইউনিটে ৭১৫ টাকা, আগে ছিল ৭০০ টাকা; ডি ইউনিটে ৫৫০ টাকা, আগে ছিল ৫০০ টাকা; ই ইউনিটে ৮২৫ টাকা, আগে ছিল ৮০০টাকা; এফ ইউনিটে ৬০৫ আগে ছিল ৫৫০ টাকা এবং এইচ ইউনিটে ৫৫০ টাকা, আগে ছিল ৫০০ টাকা। এছাড়া এ, জি ও আই ইউনিটে ফি অপবির্তিত রয়েছে।
এবারে মোট নয়টি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৩ থেকে শুরু ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ২০১৬-তে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ২০১৫ সালে উত্তীর্ণদের দ্বিতীয়বার ভর্তির আবেদনের সুযোগ থাকছে না। ৫৬ টি বিভাগের ও দুইটি ইনস্টিটিউটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘গত বছর যে যোগ্যতা বাড়ানো হয়েছিল সেটা কমানো হয়েছে। কারণ এ বছর দ্বিতীয়বার ভর্তির সুযোগ না থাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে প্রতিযোগিতা বৃদ্ধি করার জন্য এটা করা হয়েছে।

