বাকৃবিতে রোববার থেকে শুরু হচ্ছে ক্যারিয়ার ফেয়ার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী চাকরির মেলা (ক্যারিয়ার ফেয়ার)।
আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ওই ক্যারিয়ার মেলা।
কাটালিস্ট ও কনসিগলিরি প্রাইভেট লিমিটেড (সিপিএম) অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হবে এ চাকরির মেলা। এখন পর্যন্ত ১৪টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণের রেজিস্ট্রেশন করেছে। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলাটি কৃষি অনুষদীয় সংলগ্ন করিডরে অনুষ্ঠিত হবে। চাকরি প্রার্থীদেরকে সিভি তৈরি করে কোম্পানীর স্টলে ড্রপ করতে হবে। কোম্পানিগুলো প্রার্থীদের তালিকা করে তাৎক্ষণিক ভাইভা নিবেন ও চাকরি দিবেন।
দ্বিতীয় দিন পরিচর্যা অধিবেশন বা গ্রুমিং সেশন বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনে অনুষ্ঠিত হবে। এটি শুরু হবে সকাল ১০টায়। এ শেসনে কিভাবে সিভি লিখতে হবে, কিভাবে ভাইভা দিতে হবে, কিভাবে নিজেকে প্রকাশ করতে হবে এই বিষয়গুলো আলোচনা করবেন বিশেষজ্ঞরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির চেয়্যারমান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এস.ডি চৌধুরী।
কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন, সদস্য প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মো. মনিরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

