জবির ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণির ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৪ সেপ্টেম্বর ২০১৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণির ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ১২০টি আসনের (সংগীত বিভাগ-৪০, চারুকলা বিভাগ-৪০ এবং নাট্যকলা বিভাগ-৪০) বিপরীতে ২০২৭ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ১৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস:
৫০০০০১ থেকে ৫০১০৭১ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদালয়ের কলা ভবনে এবং ৫০১০৭২ থেকে ৫০২০২৭ পর্যন্ত রোলধারী পরীক্ষার্থীদের ভাষা শহীদ রফিক ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভর্তি পরীক্ষায় এবার কোন পরীক্ষার্থী হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন- ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ইত্যাদি) সঙ্গে আনতে পারবে না। পরীক্ষার্থীদের হাফ শার্ট ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরিধান করে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরিধান করবে তাদের জন্য পোশাকের শর্ত শিথিলযোগ্য। তবে এর সুযোগ নিয়ে যাতে কেউ দুষ্কর্ম করতে না পারে সে ব্যাপারে বিশেষ নজরদারীর ব্যবস্থা থাকবে। এক কেন্দ্রের পরীক্ষার্থী অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না।
উল্লেখ্য, পরীক্ষার্থীকে প্রিন্টকৃত প্রবেশপত্রের (Admit Card) কপি অবশ্যই আনতে হবে। ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও Website (www.jnu.ac.bd বা www.admission.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।

