রাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৮ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৮ জন ভর্তিচ্ছু। মোট নয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বলেন, গতকাল রবিবার (২ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটে এ আবেদন প্রক্রিয়া শেষ হয়। বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ৭৮ হাজার ৯ শত ৪৯ জন ভর্তিচ্ছু আবেদন করে। বিশ্ববিদ্যালয়ের মোট ৪ হাজার ১ শত ৫৯ টি আসনের বিপরীতে প্রতি আসনে ৩৮ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখা সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ৯৪১ টি সিটের বিপরীতে ২১ হাজার ২৩১ জন, ‘বি’ ইউনিটে ২০০ টি সিটের বিপরীতে ১৭ হাজার ৯৭২জন, ‘সি’ ইউনিটে ৬৬০ টি সিটের বিপরীতে ৩২ হাজার ৮০২ জন, ‘ডি’ ইউনিটে ৫২০ টি সিটের বিপরীতে ১৭ হাজার ৫২৮ জন, ‘ই’ ইউনিটে ৮০৮ টি সিটের বিপরীতে ২৪ হাজার ১৮৬ জন, ‘এফ’ ইউনিটে ৪২৬ টি সিটের বিপরীতে ১৯ হাজার ৯২৯ জন, ‘জি’ ইউনিটে ২১২ টি সিটের বিপরীতে ১৩ হাজার ৯২৬ জন, ‘এইচ’ ইউনিটে ২৭২ টি সিটের বিপরীতে ২৯ হাজার ৫৭ জন, ‘আই’ ইউনিটে ১২০ টি সিটের বিপরীতে দুই হাজার ৩১৮ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।

শুধুমাত্র ২০১৬-তে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ২০১৫ সালে উত্তীর্ণদের দ্বিতীয়বার ভর্তির আবেদনের সুযোগ থাকছে না। ৫৬টি বিভাগের ও দুইটি ইনস্টিটিউটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ৫৫৪টি আসন মুক্তিযোদ্ধা, পোষ্য কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে।

এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

  •  
  •  
  •  
  •