সেই বদরুলকে শাবি থেকে আজীবন বহিষ্কার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বদরুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) প্রশাসন। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
রোববার সিন্ডিকেটের ২০১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বদরুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থী।
সিন্ডিকেটের সচিব ও রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বদরুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর বদরুলকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
অন্যদিকে শৃঙ্খলা ভঙ্গ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের একটি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের দায়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাজুকে এক সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।
রাজু শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থর অনুসারী। এর আগে গত ১৭ অক্টোবর একই অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় সংসদ।
এছাড়া খাদিজাকে উদ্ধার কাজে ইমরানসহ অন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের বিশেষ ধন্যবাদ জানানো হয়।

