বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম সোমবার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি প্রক্রিয়া সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হবে। সোমবার সকাল ১০টা হতে বিকাল ৫টার মধ্যে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি নেয়া হবে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তির দিন শিক্ষার্থীদেরকে প্রবেশপত্র, বাকৃবি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিক্যাল ফরম এবং এসএসসি ও এইচএসসির মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এইচএসসির মূল প্রশংসাপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। একজন শিক্ষার্থীকে ভর্তি ও আনুষঙ্গিক ফি বাবদ পাঁচ হাজার ৩৩৪ টাকা এবং হলের জন্য নির্ধারিত ৮৮০ টাকাসহ সর্বমোট ছয় হাজার ২১৪ টাকা জমা দিতে হবে।
শূন্য আসন থাকা শর্তে আগামী ৪ ডিসেম্বর শূন্য আসনের তালিকা বাকৃবি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। ৮ ডিসেম্বর অপেক্ষমান তালিকাভুক্ত থেকে নির্বাচিত প্রার্থীদের ভর্তি হতে হবে।
ভর্তির জন্য করণীয়:
১. প্রশাসন ভবন সংলগ্ন আমতলায় স্থাপিত ‘বাঁধন’ এর বুথে স্বশরিরে উপস্থিত থেকে ব্লাড গ্রুপিং টেষ্ট করতঃ রিপোর্ট সংগ্রহ করা।
২. শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্থাপিত মেডিক্যাল বোর্ড-এ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা এবং মেডিক্যাল ফরমে চীফ মেডিক্যাল অফিসার মহোদয়ের স্বাক্ষর গ্রহণ করা।
৩. সংশ্লিষ্ট অনুষদের ডীন অফিস-এ ডীন মহোদয়ের নিকট মূল কাগজপত্র প্রদর্শন করে ভর্তি ফরমে ডীন মহোদয়ের স্বাক্ষর গ্রহণ করা।
৪. টিএসসি কনফারেন্স রুমে লটারীর মাধ্যমে হল নির্ধারণের পর ভর্তি ফরমে প্রোক্টর মহোদয়ের স্বাক্ষর গ্রহণ করা।
৫. টিএসসি কনফারেন্স রুমে হল এর জন্য নির্ধারিত ফি ৮৮০.০০ টাকা নগদ জমা দিয়ে ভর্তি ফরমে প্রভোস্ট মহোদয়ের স্বাক্ষর গ্রহণ করা।
৬. শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্থাপিত বুথে মূল কাগজপত্র জমা দিয়ে ভর্তি ফরমে রেজিস্ট্রার মহোদয়ের স্বাক্ষর গ্রহণ করা।
৭. শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্থাপিত হিসাব শাখার নির্ধারিত বুথে ভর্তি ও আনুষাঙ্গিক ফি বাবদ সর্বমোট ৫,৩৩৪.০০ (পাঁচ হাজার তিনশত চৌত্রিশ) নগদ এবং ভর্তি ফরম জমা দেওয়া।
ফি গুলো নিম্নরূপ:
ভর্তি ফি: ৫,১০৪.০০ টাকা (লেভেল-১, সিমেস্টার-১ এর সিমেস্টার ফি ১২০০/– সহ),
স্বাস্থ্য পরীক্ষা ফি: ১৩০.০০ টাকা,
রেজিষ্ট্রেশন ফি: ১০০.০০ টাকা।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

