গণস্বাস্থ্য মেডিকেল কলেজে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক সেমিনার

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে “বিনা অপারেশনে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকার” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) ডেন্টাল বিল্ডিংয়ের হলরুমে মূলবক্তব্য উপস্থাপনা করেন ভারতের নন সার্জিক্যাল কার্ডিওলজিস্ট ও লাইফস্টাইল স্পেশালিস্ট ডা. বিমল ছাজেড় এমডি।

সেমিনারে ডা. বিমল ছাজেড় হৃদরোগ, বিভিন্ন ব্লকেজ হওয়ার কারণ ও এর প্রতিকার নিয়ে তার উদ্ভাবিত সাওল হার্ট প্রোগ্রাম (সাইন্স এন্ড আর্ট অফ লিভিং) অর্থাৎ বিনা অপারেশনে নিয়ন্ত্রিত মেডিসিন, আদর্শ জীবন-যাপন ও পরিকল্পিত খাদ্য অভ্যাস সমন্বিত এক নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করেন।

তিনি বলেন, ‘হার্টের ব্লকেজ হওয়ার মূল কারণ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারইড। প্রাণী জাতীয় খাবার গ্রহণ ও রান্নায় তেলের ব্যবহার শরীরে এ দুটি উপাদানের মাত্রা বাড়ায়। তবে এলোপ্যাথিক চিকিৎসার সঙ্গে তেলছাড়া রান্না, প্রতিদিন ৩৫ মিনিট হাঁটা, মানসিক চাপ ব্যবস্থাপনা, যোগব্যায়াম ও মেডিটেশনের সম্মিলিত পদ্ধতিতে এ রোগ থেকে নিজেকে স্থায়ীভাবে সুস্থ করে তোলা সম্ভব’। এছাড়া প্রতিকারমূলক ব্যবস্থা হিসেবে ন্যাচারাল বাইপাস এবং বায়োকেমিকেল এনিজিওপ্লাস্টি হৃদরোগ চিকিৎসায় খুব কার্যকর, যুগোপযোগী, ব্যয়স্বল্প এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত বলেও জানান তিনি। তবে সর্বোপরি হৃদরোগের প্রতিরোধে জনগণকে সচেতন করে তোলার কোন বিকল্প নেই বলে মনে করেন এই হৃদরোগ বিশেষজ্ঞ।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, শিক্ষক ও চিকিৎসকরা সেমিনারে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ আশরাফ-উল-করিম খান।

  •  
  •  
  •  
  •  

Tags: