বিজ্ঞান গবেষণায় দেশ সেরা বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি:
বিজ্ঞান গবেষণায় দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছে এ বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সেন্টার ফর হেলথ অ্যান্ড পপুলেশন রিসার্চ (আইসিডিডিআরবি)।

সম্প্রতি গবেষণা, উদ্ভাবন ও সমাজে এর প্রভাব বিবেচনায় নিয়ে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে স্পেনের সিমাগো রিসার্চ গ্রুপ ও যুক্তরাষ্ট্রের স্কপাস। প্রকাশিত তালিকায় স্থান পেয়েছে বিজ্ঞান গবেষণায় নেতৃস্থানীয় বাংলাদেশের ১১টি প্রতিষ্ঠান।

দ্বিতীয় স্থানে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র্যাংকিংয়ে ৬১০তম। পরের স্থানগুলোয় রয়েছে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

যোগাযোগ করা হলে শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক এ স্বীকৃতিতে আমরা আনন্দিত। আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিজ্ঞান ও প্রযুক্তি খাত নিয়ে গবেষণা করে যাচ্ছে।

স্পেনের বেশ কয়েকটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত হয় সিমাগো রিসার্চ গ্রুপ। একাডেমিক জার্নালের ডাটাবেজ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্কপাস।

তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্সের সেন্টার ডি লা রিসার্চ ফর সায়েন্টিফিক। চীনের একাডেমি অব সায়েন্সেস রয়েছে দ্বিতীয় স্থানে আর তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

  •  
  •  
  •  
  •