শাবিতে ধাওয়া-পাল্টা ধাওয়া, বোমাবাজি : শিক্ষার্থীদের হল ত্যাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমাবাজির পর তিনটি আবাসিক হল ১০ দিনের জন্য বন্ধ এবং ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমাবাজির ঘটনা ঘটার পর পুলিশ রাতে শাহপরান, বঙ্গবন্ধু ও সৈয়দ মুজতবা আলী হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, হাতবোমা ও গুলি উদ্ধার করে। পরে রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়।
নির্দেশ অনুসারে আজ বুধবার সকাল নাগাদ ছাত্ররা হল ছাড়েন। এদিকে ক্যাম্পাস সূত্র জানা গেছে, সকাল ১০টা নাগাদ ছাত্রদের হল তিনটি ফাঁকা হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলায় ১০ দিনের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।’

