পুলিশি পাহারায় রাবির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষক ও কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষায় চাকরি প্রার্থীদের উপস্থিতি ছিল ৬৯ শতাংশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গত কয়েকটি নিয়োগ পরীক্ষায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষায় বসতে পারা নিয়ে চাকরি প্রার্থীদের আশঙ্কার কারণে উপস্থিতি কম হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আনসার উদ্দিন বলেন, ‘রোববার বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে কোনো ঝামেলা ছাড়ায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চলমান পরিস্থিতির কারণে উপস্থিতি একটু কম হয়েছে। এতে ৪৭৪ জন চাকরি প্রার্থী আবেদন করেন এবং পরীক্ষায় অংশ নেন ৩২৯ জন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মডেল স্কুলে ১৩টি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ৯ জন সহকারী শিক্ষক, একজন হিসাব সহকারী, একজন অফিস সহকারী ও দুইজন সাধারণ কর্মচারী পদের বিপরীতে প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। এই ১৩টি পদের নিয়োগ পরীক্ষা রোববার বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে অনুষ্ঠিত হয়।

এর আগে ২৩ ডিসেম্বর নিয়োগে বসয়সসীমা বাতিল ও অস্বচ্ছতার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ২৭টি পদের পরীক্ষা বন্ধ করে দেয় স্থানীয় আওয়ামী লীগ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে তালা লাগায় এবং নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

এর একদিন আগে ২১ ডিসেম্বর সরকার দলীয় নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় স্কুলের দুইটি সাধারণ কর্মচারী পদের সাক্ষাৎকার বন্ধ করে দেয়।

জানা গেছে, ২০১৩ সালের মার্চ মাসে উপাচার্য হিসেবে অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানকে দায়িত্ব দেয়া হয়। এরপর থেকেই নিয়োগে দলীয় প্রার্থীদের প্রাধান্য না দেয়ার অভিযোগ এনে বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করে উপাচার্য ও উপ-উপাচার্যকে চাপ দেয়া হয়। বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হবে ২০১৭ সালের মার্চে।

  •  
  •  
  •  
  •